যোগাযোগঃ
২২, পুরানা পল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।
ফোনঃ ৮৮-০২-৯৫৬১৩১৫,
৮৮-০২-৯৫৬২৭৬৭
ফ্যাক্সঃ ৮৮-০২-৯৫৬১৩২৪
ই-মেইলঃ bhbfc@bangla.net

প্রতিষ্ঠাঃ দেশের গৃহায়ণ সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা হিসেবে জনসাধারণকে গৃহ নির্মাণ খাতে আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ১৯৫২ সালে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে জারীকৃত রাষ্ট্রপতির ৭নং আদেশ বলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিফসি) পুনগর্ঠিত হয়।

উদ্দেশ্যঃ মানুষের ৫টি মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। এই প্রকট আবাসিক সমস্যার সামাধানে সহায়তা প্রদান করাই বিএইচবিএফসির মূল উদ্দেশ্য। গৃহায়ন খাতে অর্থ সংস্থানের ক্ষেত্রে বিএইচবিএফসি কয়েক যুগ ধরে এ দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আসছে। যদিও কয়েকটি বাণিজ্যিক ব্যাংক গৃহায়ন খাতে ঋণ প্রদান করে থাকে, তবুও একথা নিঃসন্দেহে বলা যায় যে, গৃহায়ন খাতে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তদের জন্য বিএইচবিএফসিই ঋণ প্রদানের অন্যতম প্রধান উত্‍স।

মালিকানাঃ এ কর্পোরেশনের পরিশোধিত মূলধনের সবটাই বাংলাদেশ সরকার কর্তৃক পরিশোধিত এবং এটি সরকার পরিচালিত একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।

মূলধন ও তহবিলের উত্‍সঃ কর্পোরেশনের তহবিলের মূল উত্‍স সরকার কর্তৃক পরিশোধিত মূলধন কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ ১১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭.২৯ কোটি টাকা। এছাড়াও অর্থমন্ত্রণালয়ের সহায়তায় সরকারী গ্যারিন্টির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকট ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে কর্পোরেশন তহবিল সংগ্রহ করে থাকে। জুন ৩০,২০০৬ সাল পর্যন্ত ইহার মোট স্থিতি ছিল ১২৮৩.৮৩ কোটি টাকা।

কার্যালয়সমূহঃ কর্পোরেশনের সদর দফতর ঢাকায় অবস্থিত । সদর দফতরে ২(দুই) টি মহাবিভাগ এবং ৫(পাঁচ) টি বিভাগ রয়েছে। কর্পোরেশনের সদর দফতর ব্যতীত ঢাকায় ৪(চার) টি এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল বিভাগীয় সদরে ১(এক) টি করে মোট ৯(নয়) টি জোনাল অফিস রয়েছে। এছাড়া ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালি, রাংগামাটি, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, রংপুর ও দিনাজপুরে ১(এক) টি করে মোট ১৩(তের) টি রিজিওনাল অফিস আছে । এছাড়াও নারায়ণগঞ্জ এবং কক্সবাজার জেলায় ১(এক) টি করে মোট ২(দুই) টি ক্যাম্প অফিস চালু আছে।

ব্যবস্থাপনাঃ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ সরকার কর্তৃক মনোনীত । একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ সর্বমোট ৬(ছয়) সদস্যের সমন্বয়ে গঠিত। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং পদাধিকার বলে পরিচালনা পরিষদের একজন সদস্য। কর্পোরেশনের সার্বিক নীতিমালা প্রণয়ন ও পরিচালনা কার্যক্রমের বিভিন্ন পরিচালনা পর্ষদ দিক নির্দেশনা দিয়ে থাকে। সরাকারী নির্দেশনার আলোকে কর্পোরেশনের কার্যক্রম বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও প্রশাসন পরিচালনার দায়িত্ব ও এখতিয়ার পরিচালনা পরিষদের উপর ন্যস্ত এবং পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় তাদের উপর ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং কর্পোরেশনের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। এ ক্ষেত্রে সরকারের প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়। পরিচালনা পর্ষদের কার্য সম্পাদনের নিমিত্তে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বা কর্পোরেশনের অন্য যে কোন কার্যালয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করের এবং মহাব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা করেন।